নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট কারখানা শ্রমিক নিহত, আহত ২
নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সৈয়দপুর এলাকার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সৈয়দপুর এলাকার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, একটি অটোরিকশা উল্টে গিয়ে যাত্রী শামসুজ্জামানের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান। পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।