রামিসা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন
রামিসা হত্যার বিচারসহ শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তোলারাম কলেজ শাখার আহ্বায়ক ও জেলা আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সংগঠক ইফতি আহমেদ জিহাদ, ইয়াসিন আরাফাত অভি এবং খাদিজা আক্তার লামিয়া। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিশুকে নির্মমভাবে হত্যা করা শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। বক্তারা অবিলম্বে রামিসার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে, যা রাষ্ট্র ও সমাজের চরম ব্যর্থতাকে নির্দেশ করে। বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, নারীর প্রতি সহিংস দৃষ্টিভঙ্গি, মাদক ও অপরাধের বিস্তার এবং রাজনৈতিক-সামাজিক প্রশ্রয় এসব অপরাধের পেছনে মূল ভূমিকা রাখছে। পূর্ববর্তী বিভিন্ন অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং আরও বড় অপরাধ করতে উৎসাহিত হচ্ছে। এ অবস্থায় শুধু সাময়িক উদ্যোগ নয়, স্থায়ী ও কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
১. রামিসা হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করা।
৩. শিশু ও নারীর নিরাপত্তায় কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা।
৪. শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক স্তরে নারী-শিশুবান্ধব সচেতনতা গড়ে তোলা।
৫. সমাজ থেকে বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বন্ধ করা।