নারায়ণগঞ্জে ৪ রত্নগর্ভা মাকে হলি উইলস স্কুলের সম্মাননা
শিক্ষিত ও মেধাবী জাতি গঠনে মায়েদের অবদানের স্বীকৃতি এবং বিশ্ব মা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে চারজন ‘রত্নগর্ভা’ মাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে হলি উইলস স্কুল।
বৃহস্পতিবার (২১ মে) নগর ভবনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রত্নগর্ভা মায়েদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটির সভাপতি সাগর প্রধান। উল্লেখ্য, হলি উইলস স্কুল দীর্ঘ ১৫ বছর ধরে ধারাবাহিকভবে মা দিবসে এলাকার কৃতি মায়েদের এই 'রত্নগর্ভা মা' সম্মাননা দিয়ে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান সম্মাননাপ্রাপ্ত মায়েদের ভূয়সী প্রশংসা করে বলেন:
“আজকে যে ৪ জন রত্নগর্ভা মা সম্মাননা পেলেন, তাঁরা তাঁদের সন্তানদের যেভাবে তিলে তিলে গড়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আসলে আমাদের দেশে এই ধরনের মায়েদেরই খুব প্রয়োজন। প্রতিটি নারীকে যদি আমরা তাঁদের মতো করে সচেতন করে তুলতে পারি, তবে প্রতিটি ঘরে এমন সন্তান তৈরি হবে, যারা দেশ ও জাতিকে বড় কিছু উপহার দেবে।”
তিনি আরও যোগ করেন, একটি সংসারে যদি একটি সন্তান খারাপ হয়, তবে পুরো পরিবারটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এই মায়েরা তাঁদের সন্তানদের সমাজ, রাষ্ট্র ও পরিবারের জন্য আশীর্বাদ হিসেবে গড়ে তুলেছেন। প্রতিটি ঘরে এমন মা তৈরি হলে দেশ একটি সুন্দর মেধাসম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
চলতি বছর হলি উইলস স্কুলের পক্ষ থেকে যে চারজন সফল মাকে সম্মাননা দেওয়া হয়েছে, তাঁদের পরিচিতি ও সন্তানদের সাফল্যের সংক্ষিপ্ত চিত্র নিচে তুলে ধরা হলো:
- আমেনা বেগম (জালকুড়ি): মাহবুবুল হকের সহধর্মিনী আমেনা বেগমের বড় ছেলে ইনজামামুল হক কাশফী একজন বিসিএস ক্যাডার, যিনি বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে ডেপুটি কমিশনার (এমবিআর) হিসেবে কর্মরত। দ্বিতীয় ছেলে মাশরুরুল হক উরফি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় মাস্টার্স করছেন।
- মাহবুবা হক: আজিজুল হকের সহধর্মিনী মাহবুবা হক তাঁর চার সন্তানকেই উচ্চশিক্ষায় আলোকিত করেছেন। তাঁর বড় মেয়ে নাজিয়া ফাহমিন নিতু নর্দান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বড় ছেলে মাহফুজুল হক জিতু একজন সফল ফার্মাসিস্ট। দ্বিতীয় মেয়ে আজমিনুর নাহার সেতু অস্ট্রেলিয়ার একটি স্বনামধন্য হাসপাতালে ডেন্টিস্ট হিসেবে কর্মরত এবং ছোট ছেলে মিনহাজুল হক জিহান আইইউবি থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় মাস্টার্স করছেন।
- উম্মে রোকসানা: আবুল কালামের সহধর্মিনী উম্মে রোকসানার দুই ছেলেই দেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে সফলতার সাথে অবদান রাখছেন। বড় ছেলে জাহিদ হাসান শশী একজন আইটি ইঞ্জিনিয়ার (বর্তমানে গুলশানের এশিয়ান টিভিতে কর্মরত) এবং দ্বিতীয় ছেলে তরিকুল ইসলাম ওশী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার (বর্তমানে পল্টনের বেঙ্গল মোবাইল কিউএ সলিউশনে কর্মরত)।
- শাহনাজ বেগম (গোদনাইল): হাফেজ মো. ইব্রাহিম খলিলের সহধর্মিনী শাহনাজ বেগমের বড় মেয়ে সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে হলি উইলস স্কুলেই শিক্ষকতা করছেন। তাঁর ছোট মেয়েও একই কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে সফলতার সঙ্গে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে রত্নগর্ভা মায়েদের উত্তরীয় ও সম্মাননা স্মারক পরিয়ে দেওয়া হয়।