নগরের বাইরে
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: ৫ দিন পর চিকিৎসাধীন বাবার মৃত্যু, তিন ছেলেও আশঙ্কাজনক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০) মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাদেরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে একই হাসপাতালে তার তিন ছেলে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার সকালে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর লাকিবাজার এলাকার শওকত মিয়ার ভাড়া বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আব্দুল কাদের ও তার তিন ছেলে—মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬) দগ্ধ হন। সে সময় কাদেরের স্ত্রী মাহিনুর ঘরের বাইরে থাকায় অল্পের জন্য রক্ষা পান।
চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন তিন ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে রাকিবের শরীরের ২৫ শতাংশ ও শ্বাসনালী, সাকিবের ১৭ শতাংশ এবং মেহেদীর ১৮ শতাংশ পুড়ে গেছে। তাদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিবু মার্কেট ফায়ার স্টেশনের কর্মকর্তা অপূর্ব জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী ঘরের ভেতর জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন খুব বেশি ছড়াতে না পারলেও ঘরের ভেতরে থাকা চারজনই মারাত্মকভাবে দগ্ধ হন।
নিহত আব্দুল কাদেরের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তিনি সপরিবারে ওই একতলা বাড়িতে ভাড়া থাকতেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।