নগরের বাইরে
ফতুল্লায় পারিবারিক কলহে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. মোহন (৩২)। তিনি ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। স্থানীয়দের দাবি, উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই ওই পরিবারে অভ্যন্তরীণ নানা বিষয়ে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার ভোরে ঝগড়া চরম আকার ধারণ করলে বড় ভাই উজ্জ্বল ধারালো বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাথারি কোপাতে থাকেন। এতে মোহন গুরুতর জখম হন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, "প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত উজ্জ্বল ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।