নগরের বাইরে
ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনের আলোতে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে নাছির (৬০) নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে ফতুল্লা মডেল থানাধীন চানমারী মাউড়াপট্টি এলাকার “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিশ ও ইন্টারনেটের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে নাছির তার অফিসের ভেতরে একাই অবস্থান করছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে শহরের খানপুর ৩নং হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক জানান, ঘটনার পরপরই তিনি কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে পালিয়ে যেতে দেখেছেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পাশের একটি বাড়ির ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কালো হাতলযুক্ত একটি রক্তমাখা ছুরি ও কভার উদ্ধার করেছে।
ওসি মাহাবুব আলম জানান, "আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছি। ঘাতককে শনাক্ত করতে এবং এই হত্যার নেপথ্যে কোনো পূর্ব শত্রুতা বা ব্যবসায়িক বিরোধ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।"
এলাকায় এ ঘটনায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।