নগরের বাইরে
জাতি গঠনে পরিবারের পরই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য: গিয়াস উদ্দিন
এমএ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “একটি জাতির উন্নতি নির্ভর করে সে দেশের জনগণের মেধার ওপর। আর এই মেধা বিকাশের প্রক্রিয়া শুরু হয় পরিবার থেকে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মেধা অন্বেষণমূলক অনুষ্ঠানের মাধ্যমে তা পূর্ণতা পায়।”
শুক্রবার (৮ মে) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ ক্যাম্পাসে শিশু-কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার নারায়ণগঞ্জ জোন-২’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই সংসদ সদস্য দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকার প্রশংসা করে বলেন, “দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সব শ্রেণি-পেশার মানুষের বলিষ্ঠ অবদান প্রয়োজন। বিশেষ করে আবুল খায়ের গ্রুপের মতো শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যবসার পাশাপাশি সন্তানদের মেধা বিকাশে যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বিত্তবান ও সামর্থ্যবান সবারই এমন গঠনমূলক কাজের পথে হাঁটা প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন যে, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ জন্মলগ্ন থেকেই শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের দক্ষ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, শিশির ঘোষ অমর, শিক্ষক আবু তাহের, আবু তালেব, ওমর ফারুক, কাজল রেখা এবং আবুল খায়ের গ্রুপের (ভোগ্যপণ্য বিভাগ) ব্র্যান্ড ম্যানেজার ইমরান হোসেনসহ আরও অনেকে।