নগরের বাইরে
বন্দরে ইজিপিপি প্রকল্পের আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নারায়ণগঞ্জের বন্দরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে) বেলা ১১টায় ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় এই খনন কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, "জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের যে আস্থা দেখিয়েছেন, আমরা তার প্রতিদান দিতে বদ্ধপরিকর।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন প্রকল্পগুলোর কাজ পর্যায়ক্রমে শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি আমরা।"
তিনি আরও বলেন, "এই খালটি পুনঃখনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি কৃষি জমিতে সেচ কার্যক্রম আরও সহজ হবে। যা সামগ্রিকভাবে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।"
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ এবং ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।