মহানগর
তোলারাম কলেজের প্রতিটি ইটে জড়িয়ে আছে ইতিহাস: এমপি দিপু ভূঁইয়া
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “সরকারি তোলারাম কলেজের প্রতিটি ইট ও কক্ষে একেকটি ইতিহাস মিশে আছে। এই বিদ্যাপীঠ থেকে বিভিন্ন সময়ে দক্ষ নেতৃত্ব তৈরি হয়েছে এবং অনেক গুণী মানুষ দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন।”
শুক্রবার (৮ মে) দুপুরে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমি এই কলেজের শিক্ষার্থী না হলেও যখনই কলেজের সামনে দিয়ে যেতাম, শিক্ষার্থীদের চোখেমুখে আগামীর আশার আলো দেখতে পেতাম। এই কলেজ থেকে অতীতে সংসদ সদস্য, মন্ত্রী ও সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা প্রত্যাশা করি, তোমাদের মাঝ থেকেই আগামী দিনের এমন যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে।”
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে দিপু ভূঁইয়া বলেন, “তোমাদের একেকজনের পেছনে একেকটি সংগ্রামের গল্প আছে। তোমার মা অনেক আশা নিয়ে তোমাকে এখানে পাঠিয়েছেন, আর তোমার বাবার হাড়ভাঙা পরিশ্রমের ঘামের গন্ধ জড়িয়ে আছে তোমার পড়ার টেবিলে। সেই পরিশ্রম ও মায়ের আশার দিকে তাকিয়ে তোমাদের স্বপ্ন দেখতে হবে। তোমরা স্বপ্ন দেখা কখনও বন্ধ করবে না, আমরা সবাই মিলে তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকব।”
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “তোলারাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা কোনো গণ্ডগোল চায় না। কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করতে পারে, তবে সবাইকে ধৈর্য ও শান্তির পথে থাকতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।