নগরের বাইরে
আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তিনি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি পরীক্ষা হলের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন।
কেন্দ্র পরিদর্শনের সময় জেলা প্রশাসক দায়িত্বরত কেন্দ্র সচিব, হল সুপার এবং শিক্ষকদের সাথে কথা বলেন। পরীক্ষা চলাকালীন সময়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, "পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার আতঙ্ক বা বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হবে এবং কোনো শিক্ষার্থী যেন অসদুপায় অবলম্বনের সুযোগ না পায়, সে বিষয়ে প্রশাসন ও শিক্ষকবৃন্দকে সতর্ক থাকতে হবে।"
পরীক্ষার্থীদের আসা-যাওয়ার পথে যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় এবং কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা যেন বজায় থাকে, সে ব্যাপারেও তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
উল্লেখ্য যে, শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে।