নগরের বাইরে
ইটিপিবিহীন কারখানা: রূপগঞ্জে খালেক টেক্সটাইল অ্যান্ড ফেব্রিক্সের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইটিপি (Effluent Treatment Plant) ছাড়াই তরল বর্জ্য উৎপাদনকারী শিল্পকারখানা 'খালেক টেক্সটাইল অ্যান্ড ফেব্রিক্স'-এর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে রূপগঞ্জের বরপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গ্যাসের মিটারও খুলে নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটিপিবিহীন এবং পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি (বিদ্যুৎ), তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সমন্বিতভাবে অংশ নেন।
অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। তাই ইটিপিবিহীন যেসব কারখানা পরিবেশ আইন লঙ্ঘন করছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।