নগরের বাইরে
নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র্যাবের হাতে গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে এক ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মোঃ ইউসুফকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১১। দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর গতকাল ২৭ এপ্রিল, ২০২৬ তারিখ রাতে ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। সে তার নানির সাথে একই বাসায় বসবাস করত। ভিকটিমের নানি বাবুর্চির কাজ করার সুবাদে বিভিন্ন সময় বাসার বাইরে থাকতেন এবং সেই সুযোগে শিশুটি বাসায় একা থাকত। গত ১২ এপ্রিল, ২০২৬ তারিখ বিকাল ৪টার দিকে বাসার সামনের উঠানে খেলাধুলা করার সময় প্রতিবেশী ইউসুফ তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের রুমে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসামি পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের নানি বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিএসসি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। নিজস্ব গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে গতকাল ২৭ এপ্রিল রাতে র্যাবের একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার একমাত্র এজাহারনামীয় আসামি মোঃ ইউসুফ (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত ইউসুফ বন্দর থানার দেউলি চৌরাপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, জঙ্গি দমন, মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতারে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই মামলার ক্ষেত্রেও দ্রুততম সময়ে আসামি গ্রেফতারের মাধ্যমে তারা জনগণের আস্থা অর্জনের ধারা অব্যাহত রেখেছে।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।