নগরের বাইরে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার: দলে ফিরলেন মোহাম্মদ দুলাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
আজ রবিবার দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে মোহাম্মদ দুলালকে গত ২১ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে নির্বাচনের আগের পরিস্থিতি বিবেচনায় নিয়ে মোহাম্মদ দুলাল গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেন।
একইসঙ্গে তিনি দলের মনোনীত প্রার্থী দীপু ভূঁইয়ার সমর্থনে মাঠে নামার ঘোষণা দেন।
নির্বাচনী প্রচারণায় দলের প্রার্থীর প্রতি তার এই সমর্থন ও আনুগত্যের বিষয়টি হাইকমান্ড বিবেচনায় নিয়েছে।
দলের প্রতি তার এই ইতিবাচক মনোভাব এবং সংহতি প্রকাশের কারণেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে দলীয় নীতিনির্ধারকরা জানিয়েছেন।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর নিশ্চিত হওয়ার পর মোহাম্মদ দুলাল পুনরায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আশা ব্যক্ত করেছেন।