মহানগর
নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন: ই-ট্রাফিক ও ক্যাশলেস লেনদেনের প্রশিক্ষণ শুরু
আধুনিক প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ও ডিজিটাল লেনদেন ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে আয়োজিত “ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থায় POS মেশিন এবং Bangla QR বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন:
জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন)
জনাব ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
জনাব মো: সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)
এছাড়া জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থী হিসেবে ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় ট্রাফিক সদস্যদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অংশগ্রহণকারীদের মূলত তিনটি বিষয়ের ওপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে:
১. POS মেশিনের ব্যবহার: যার মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায় সম্ভব হবে।
২. Bangla QR কোড: ক্যাশলেস লেনদেন বা নগদ বিহীন অর্থ পরিশোধ ব্যবস্থা নিশ্চিত করা।
৩. ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম: ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক আইন প্রয়োগ ও মামলা পরিচালনার আধুনিক কৌশল।
পুলিশ সুপার জানান, এই উদ্যোগের ফলে ট্রাফিক সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজগম্য হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে। দুই দিনব্যাপী এই কর্মশালাটি ট্রাফিক পুলিশের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।