মহানগর
আসন্ন বাজেটে উদ্যোক্তা ও বিনিয়োগবান্ধব নীতিমালার দাবি ব্যবসায়ীদের
আসন্ন জাতীয় বাজেটে উদ্যোক্তা ও বিনিয়োগবান্ধব নীতিমালার প্রণয়ন এবং কর ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বাজেট ২০২৬-২০২৭: ব্যবসায়ীদের প্রত্যাশা’ শীর্ষক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানান তারা। ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবমুখী, সময়োপযোগী ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন অত্যন্ত জরুরি। সরকারকে রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ উৎসাহিত করতে উদ্যোক্তাবান্ধব নীতিমালা তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে।”
আবাসন খাতের চ্যালেঞ্জ তুলে ধরে রিহ্যাবের নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, “আবাসন খাতে নিবন্ধন ব্যয় অনেক বেশি। আবাসন খাত শক্তিশালী হলে অর্থনীতিতে গতি আসবে। তাই বিনিয়োগবান্ধব ও দীর্ঘমেয়াদী করনীতি প্রণয়ন করা প্রয়োজন।” একই খাতের সংকট নিয়ে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ হারুন অর রশিদ ফ্ল্যাট দ্বিতীয়বার বিক্রির ক্ষেত্রে কর যৌক্তিক করার পাশাপাশি টিডিএস (TDS) কমানোর দাবি জানান।
গোলটেবিল বৈঠকে ব্যবসায়ীরা বিভিন্ন খাতের জন্য সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:
ব্যাংক খাত: বিজিএমইএ পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জোর দাবি জানান।
জ্বালানি নিরাপত্তা: বিকেএমইএ পরিচালক মনিরুজ্জামান মনির দ্রুত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
শিক্ষা ও স্বাস্থ্য: বৈঠকে বক্তারা স্বাস্থ্য খাতের সেবার মানোন্নয়ন ও ওষুধ শিল্পের বিকাশে বরাদ্দের দাবি জানান। পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এবং গবেষণা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
কৃষি: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতে ভর্তুকি বৃদ্ধি ও কৃষকদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “দেশের শিল্প ও ব্যবসা খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনাকে বাজেটে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর সহায়তা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অর্থনীতিবিদরা আশা প্রকাশ করেন, জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।