একাধিক ভুলের কারণে সাফ নারী ফুটবলে ভারতের কাছে হারলো বাংলাদেশ
আলপি সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা
আজ শনিবার, (০৭ ফেব্রুয়ারী ২০২৬) নেপালে পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে বাংলাদেশকে ৪-০ গোলে হারায় ভারত। রাউন্ড রবিন লীগের ২-০ ব্যবধানের হারের মধুর প্রতিশোধ তারা নিলো ফাইনালের মঞ্চে।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এবারই প্রথম ভারত এককভাবে এ ট্রফি জিতল। এর আগে দুই আসরে দুইবারই ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ২০২১ সালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরির আসর এই প্রথম আয়োজন করল নেপাল। হিমালয়ের দেশ থেকে ট্রফি নিয়ে ফিরতে উন্মুখ ছিলেন অপির্তা-আলপিরা। রাউন্ড রবিন লীগে নিজেদের জাল অক্ষত রেখে, প্রতিপক্ষের জালে ১৮ গোলের উৎসব তিন জয় পাওয়ার আত্মবিশ্বাস ছিল দলের সঙ্গী। কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয় সাবধানী। রাউন্ড রবিন লীগে বাংলাদেশের কাছে পরাজিত হওয়া ভারতও ছিল সতর্ক। তাই জমে ওঠেনি ঢিমে তালে শুরু হওয়া ম্যাচ। দ্বিতীয় মিনিটে ভারতের ফরোয়ার্ড বলের নাগাল পাওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে জোরাল শটে সম্ভাব্য বিপদ থেকে দলকে মুক্ত করেন ইয়ারজান। ১৬ মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে আলবা দেবির সঙ্গে বক্সের বাইরে সংঘষ্ঠ হয় সুরভি আক্তার আফরিনের। আভিস্তা বাসনেতের ফ্রি কিক সরাসরি যায় ইয়ারজানের কাছে।
ম্যাচে প্রাণ ফিরে ৪২ মিনিটে। বাম দিক থেকে আসা ক্রস ক্লিয়ার করতে পারেননি অর্পিতা-জয়নব-সুরভিরা। দূরের পোস্টে ফাঁকায় থাকা প্রীতিকা বর্মন বল পেয়ে যান, কিন্তু তিনি নিজে শট না নিয়ে বাড়িয়ে দেন ঝুলান নঙ্গমাইথেমকে, সহজেই ইয়ারজানকে পরাস্ত করেন ভারত অধিনায়ক। চলতি আসরে এই প্রথম গোল হজম করল বাংলাদেশ। পিছিয়ে থাকার অস্বস্তি নিয়ে বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধে সমতাসূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৫২ মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে গোলকিপারকে একা পান তৃষ্ণা, কিন্তু অভাবনীয়ভাবে বাইরে মারেন। এমন সুযোগ নষ্ট করে নিজের প্রতি অবিশ্বাসে মাথায় হাত দিয়ে বক্সেই বসে পড়েন তিনি। বাংলাদেশের পথচলা আরও কঠিন হয়ে যায় ৬২ মিনিটে এলিজাবেথ লাকরার সফল স্পট কিকে। আক্রমণ ক্লিয়ার করতে ইয়ারজান পোস্ট ছেড়ে বেরিয়ে গেলেও বলের নাগাল পাননি। এরপর আলভা বলের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার সময় প্রতিমা মুন্দার আলতো স্পর্শে বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৬৮ মিনিটের গোলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অর্পিতার ব্যাক পাস ক্লিয়ার করার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন ইয়ারজান, কিন্তু তিনি করেন সময়ক্ষেপণ। পার্ল ফার্নান্দেসকে ছুটে আসতে থেকে পড়িমরি করে শট নেন ইয়ারজান, কিন্তু বল লাগে পার্লের গায়ে। সুযোগে পাওয়া বল আলতোভাবে জালে জড়িয়ে দেন তিনি। ৮৩ মিনিটে সতীর্থের কাটব্যাকে আনভিতা কোনাকুনি শটে লক্ষ্যভেদ করলে নেপাল থেকে শিরোপা নিয়ে দেশের ফেরার স্বপ্ন গুঁড়িয়ে যায় পিটার জেমস বাটলারের দলের।