justice
ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার জাগো নিউজের তিন সাংবাদিক, আটক কথিত বিএনপি নেতা
ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার জাগো নিউজের তিন সাংবাদিক, আটক কথিত বিএনপি নেতা
নারায়ণগঞ্জ ভয়েস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন ও তার সহযোগীদের হামলায় আহত হয়েছেন জাগো নিউজের প্রতিনিধি ও দুই ক্যামেরাপার্সনসহ তিন সাংবাদিক। হামলাকারীরা তাদের ওপর বেধড়ক মারধর করে, রুমে আটকে রাখে এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ জানান, স্থানীয় এক নারী অভিযোগ করেন যে, বিএনপির নামধারী নেতা শাহাদাত হোসেন ও তার ছেলে আতা-ই-রাব্বি তাদের জমি দখল করে রেখেছেন। এ বিষয়ে নারীটি ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেছেন।
“ঘটনার সত্যতা জানতে বিকেল ৪টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। ওই সময় নারীর সঙ্গে কথা বলছিলাম। খবর পেয়ে শাহাদাত তার লোকজন নিয়ে এসে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে। আমার সঙ্গে থাকা ক্যামেরাম্যান আবদুল্লাহ দুহ আল মামুন ও আয়াজকে বেধড়ক মারধর করা হয়,” বলেন সাংবাদিক আকাশ।
তিনি আরও জানান, “একপর্যায়ে আমাদের টেনে-হিঁচড়ে একটি রুমে নিয়ে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। আমাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলে এবং রুমে আটকে রাখে।”
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়। পরে পুলিশ গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “হামলার ঘটনায় কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) আটক করা হয়েছে। তিনি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা।”