জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ‘উন্নয়ন ফোরামের’ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরামর্শ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১১ নম্বর ওয়ার্ডে এ ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে বিপুলসংখ্যক সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর আমীর এবং জামায়াত-সমর্থিত নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ তাআলা যেন তাদের এ খেদমত কবুল করেন। মানুষের সেবায় এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকা উচিত।”
মেডিকেল ক্যাম্পে সভাপতির বক্তব্যে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলম বলেন, “ওয়ার্ডবাসীর প্রয়োজনেই আমাদের আজকের এই আয়োজন। যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এটি একটি ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। জনগণ আমাদের সেবার সুযোগ দিলে ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মূল শিক্ষা। সাধারণ মানুষের কল্যাণে এমন উদ্যোগ সত্যিই মহৎ।”
ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন— চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলী আশরাফ খান, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মো. শাহজালাল সুমন, ডা. আশিকুর রহমান মৃদুল, ডা. ইব্রাহীম খলিল, ডা. হারুন আর রশীদ চৌধুরী এবং দন্ত চিকিৎসক ডা. আবু নাঈম (মো. ইব্রাহীম)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী মো. আবুল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তল্লা বড় জামে মসজিদের সভাপতি সমশের আলী, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, উত্তর থানা আমীর মাওলানা আবুল কালাম আজাদ এবং উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিম।
দিনব্যাপী চলা এই কর্মসূচিতে চিকিৎসা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও তাদের এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।