সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ২৫ লাখ টাকার তেল উদ্ধার, চালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং প্রতারণার সাথে জড়িত ট্রাকচালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এবং রাতে ঢাকার সাভার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তেল উদ্ধার ও চালককে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশে 'সিলেট-ট ১১-০৬৫৮' নম্বরের একটি ট্রাকে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল লোড করা হয়। এই পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু নির্ধারিত গন্তব্যে মালামাল না পৌঁছে দিয়ে ট্রাকচালক আল আমিন গাজী ট্রাকসহ উধাও হয়ে যান। এই ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ দল তদন্তে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তের এক পর্যায়ে শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে চালক আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার (১১ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।