বন্দরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৮ জুন) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উদ্বোধনকালে বক্তারা বলেন, শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো শিশু যেন এই সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য নির্ধারিত বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য উপজেলার সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।