সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নগদ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৪টি নিষিদ্ধ হর্ন জব্দ করা হয়েছে।
আজ রোববার (২৮ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান-এর যৌথ নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জানা গেছে, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিধি লঙ্ঘন করে তীব্র শব্দ সৃষ্টি করায় ৪টি যানবাহনের কাছ থেকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৪টি উচ্চ শব্দকারী হর্ন খুলে জব্দ করা হয়।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে নারায়ণগঞ্জে শব্দদূষণ ও পরিবেশ দূষণকারী যানবাহন, কল-কারখানা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।