বন্দরে ৩ দিন ধরে বিকাশ এজেন্ট নিখোঁজ, থানায় জিডি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সবুজ ওরফে আরাফাত (২৯) নামে এক বিকাশ এজেন্ট তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে।
এই ঘটনায় নিখোঁজ যুবকের বড় ভাই সজিব বাদী হয়ে শুক্রবার (২৬ জুন) দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজ ওরফে আরাফাত দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় বিকাশ এজেন্টের ব্যবসা করে আসছিলেন। গত বুধবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় তার মাকে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার কথা বলেন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজের বড় ভাই সজিব জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই আরাফাতের আর কোনো খোঁজ মিলছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে অবশেষে শুক্রবার তারা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেন।
পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি সবুজ ওরফে আরাফাতের সন্ধান পেয়ে থাকলে দ্রুত বন্দর থানায় অথবা তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।