ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ও কমিটিকে নারায়ণগঞ্জ মহানগরের অভিনন্দন
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠকে নবমনোনীত মহাসচিব ও নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ।
শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং শরীয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। শরীয়াহ ও ইসলামকে প্রাধান্য দিয়েই আমরা রাজনৈতিক কৌশল নির্ধারণ করি, এতে বাহ্যিক চড়াই-উৎরাই আমরা মেনে নিই।”
তিনি আরও বলেন, “সময় থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেজন্য দলকে আরও সুসংহত করতে হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ জাতির প্রত্যাশা পূরণে দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।”
বৈঠকে বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলের প্রতি তাঁর এই দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ শুরা অধিবেশনে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এবারের শুরার বৈঠকে সর্বমোট ৫৪ জন সদস্যের নাম ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তাঁদের মধ্যে বিভিন্ন দফতর বণ্টন করা হয়। নতুন এই নেতৃত্ব ও কমিটির হাত ধরে দেশব্যাপী দলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নারায়ণগঞ্জ মহানগরের নেতৃদ্বয়।