আদালত চত্বর থেকে গাড়ি চুরি: কুমিল্লা থেকে ৩টি চোরাই কারসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের সূত্র ধরে একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি যাওয়া মূল গাড়িটিসহ মোট তিনটি চোরাই কার উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২৬ জুন সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় দ্রুত একটি মামলা দায়ের করা হয় এবং পুলিশ তদন্তে নামেন।
তিনি জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সর্বোচ্চ ব্যবহার করে অত্যন্ত স্বল্প সময়ে অভিযান চালিয়ে এই সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া গাড়িটিসহ মোট ৩টি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার গাড়ি চোর। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে সুকৌশলে গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত বা লুকিয়ে রাখত।
এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।