২০ বছর পর নাসিকের উদ্যোগে হাফেজীবাগ পুকুর পরিষ্কার, পরিদর্শনে প্রশাসক সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ডের হাফেজীবাগ কবরস্থান রোড এলাকার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পুকুর পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২২ জুন) বিকেল ৪টায় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে পুকুরটি সম্পূর্ণ পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রশাসকের সাথে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ সেলিম, মো. মাসুদ, শামসুল হক, ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আলম খন্দকার, জামান, এমারত হোসেন, সাইদুল ইসলাম, শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে পুকুরটি কোনো সংস্কার না করায় পুরোপুরি অব্যবহৃত এবং ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল। ভরাট হয়ে যাওয়া এই পুকুরটির কারণে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ তৈরি হচ্ছিল এবং এলাকাবাসী দীর্ঘদিন ধরে নানা ভোগান্তিতে ছিলেন। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগে এই পুকুরটি পরিষ্কার ও পূর্বাবস্থায় ফিরিয়ে আনার (পুনরুদ্ধার) কার্যক্রম শুরু হয়।
দীর্ঘ দুই দশক পর পুকুরটি পরিষ্কার হতে দেখে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এলাকাবাসী আশা প্রকাশ করছেন, এই পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে শেষ হলে পুকুরের পানি পুনরায় ব্যবহার উপযোগী হবে এবং এলাকার পরিবেশ রক্ষার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।