সন্ত্রাস, অপহরণ ও চাঁদাবাজিমুক্ত শান্তির নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় মাওলানা আবদুল জব্বারের
নারায়ণগঞ্জকে সন্ত্রাস, অপহরণ ও চাঁদাবাজিমুক্ত একটি সুশাসিত এবং শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (১৯ জুন) সকালে নগরীর মাসদাইরে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা আগামী দিনে এমন একটি শান্তির নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে চাই, যেখানে আর কোনো মানুষের লাশ পড়বে না। আমরা এমন এক নারায়ণগঞ্জ দেখতে চাই, যেখানে কোনো অপহরণ, চাঁদাবাজি, খুনাখুনি কিংবা জমি দখল থাকবে না।” আজকের এই কর্মী সম্মেলনকে আগামীতে পথ চলার এবং একটি ‘নতুন নারায়ণগঞ্জ’ গঠনের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নেতৃত্বের আহ্বান:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে মহানগর আমীর বলেন, “নির্বাচন নিয়ে আমাদের আমীরে জামাত যে নতুন নির্দেশনা দেবেন, সেই নির্দেশনাকে সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলব। আমরা এমন ব্যক্তিদের সমাজের পরিচালনার জন্য দায়িত্ব দিতে চাই, যাদের সাথে দুর্নীতির ‘দ’ পর্যন্ত থাকবে না; যাদের সাথে সন্ত্রাসের ‘স’ পর্যন্ত থাকবে না এবং যাদের সাথে চাঁদাবাজির ‘চ’ পর্যন্ত থাকবে না।”
ঈদগাহ মাঠে নেতা-কর্মীদের ঢল:
এদিকে কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর কয়েকশʼ কর্মী ও সমর্থকেরা ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমবেত হতে শুরু করেন। সম্মেলন শুরুর আগেই ঈদগাহ মাঠ ও এর আশপাশের এলাকা বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।