নগরের বাইরে
সরকার ব্যবসায়ীদের সহযোগিতা না করে দিন দিন ট্যাক্স বাড়াচ্ছে: গোলাম সারোয়ার সাইদ
দেশের ব্যবসা-বাণিজ্যের বিকাশে সরকার প্রয়োজনীয় সহযোগিতা না দিয়ে উল্টো করের বোঝা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ঢাকা দক্ষিণ অঞ্চলের সেক্রেটারি গোলাম সারোয়ার সাইদ। তিনি বলেন, বর্তমান করনীতি ও বাজেট কাঠামো নতুন উদ্যোক্তা তৈরির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (১৩ জুন) রাতে নারায়ণগঞ্জ মহানগর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা অংশ নেন।
আইবিডব্লিউএফ মহানগর সভাপতি আব্দুস সাত্তার আনসারীর সভাপতিত্বে এবং সহসভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায়ী সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম সারোয়ার সাইদ বলেন, “দেশে অনেক ব্যবসায়ী সংগঠন থাকলেও অধিকাংশ সংগঠন ব্যবসায়ীদের প্রকৃত সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে না। তবে আইবিডব্লিউএফ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সরকার ব্যবসায়ীদের সহযোগিতা না করে দিন দিন ট্যাক্স বাড়াচ্ছে। আমরা চাই দেশের তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুক। কিন্তু বর্তমান বাজেট কাঠামো এবং করনীতি নতুন উদ্যোক্তা তৈরির পরিবেশকে কঠিন করে তুলছে।”
করদাতাদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, “নাগরিকরা রাষ্ট্রকে যে পরিমাণ কর প্রদান করেন, তার যথাযথ প্রতিদান ও সুরক্ষা নিশ্চিত হওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের স্বার্থ সংরক্ষণে আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট গবেষক, লেখক ও আইবিডব্লিউএফ কুমিল্লা অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম। তিনি বলেন, ব্যবসায়ী সমাজকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে হলে দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই।
তিনি বলেন, “আমরা একটি সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের উন্নয়নে অবদান রাখাই আমাদের মূল লক্ষ্য।”
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে আইবিডব্লিউএফের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ী সমাজকে আরও এগিয়ে নিতে হবে। ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজই দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে।”
এ সময় আরও বক্তব্য দেন আইবিডব্লিউএফ কেন্দ্রীয় কমিটি ও ম্যানেজমেন্ট কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান এবং এএফএম ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ সদর থানা সভাপতি সালাউদ্দিন আহমেদ, বন্দর থানা সভাপতি গোলাম কিবরিয়া শাহিন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি এম সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, করব্যবস্থা, ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। ব্যবসায়ী নেতারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন ও করের চাপ কমানোর দাবি জানান।