নগরের বাইরে
দেশীয় ফলের সঙ্গে শিশুদের পরিচয় করাতে স্টাডি কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে ব্যতিক্রমী ফল উৎসব
নারায়ণগঞ্জ বন্দরের স্টাডি কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল-এ আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বাৎসরিক ফল উৎসব। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশীয় ফল, প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের সমাহার শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা, আনারস, তরমুজসহ নানা ধরনের ফল প্রদর্শনের মাধ্যমে শিশুদের এসব ফলের পুষ্টিগুণ, বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলে না। বাস্তব জীবনের অভিজ্ঞতা, প্রকৃতির সঙ্গে পরিচয় এবং দেশীয় ঐতিহ্য সম্পর্কে জানার মধ্য দিয়েই একজন শিক্ষার্থী সত্যিকার অর্থে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ফল উৎসবের মতো আয়োজন শিশুদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করে এবং তাদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও কৃষির প্রতি আগ্রহ সৃষ্টি করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বর্তমান প্রজন্মের অনেক শিশু দেশীয় ফলের নাম জানলেও সেগুলোর সঙ্গে বাস্তব পরিচিতি কম। তাই শিশুদের হাতে-কলমে শেখানোর উদ্দেশ্যে এ ধরনের শিক্ষামূলক আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তারা শুধু ফল চিনতেই শিখছে না, বরং সুস্থ খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কেও সচেতন হচ্ছে।
দিনব্যাপী এ উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ফল উৎসব শিশুদের মনে দেশীয় ফল ও প্রকৃতির প্রতি ভালোবাসার বীজ বপন করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।