বন্দরে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ (আদমজীনগর)। সোমবার (৮ জুন) রাত ২টায় বন্দর থানার বালিয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— বন্দর উপজেলার চর ঘারমোড়া এলাকার আল ইসলাম মিয়ার ছেলে বিল্লাল ওরফে ওসমান (৩০) এবং একই থানার সোনাকান্দা স্কুল মাঠ এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সোয়েব (২৮)।
র্যাব-১১ জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলা পরিষদ সংলগ্ন বালিয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব-১১-এর উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ১০(৬)২৬।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার (৮ জুন) দুপুরে সংশ্লিষ্ট মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।