নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ৬১৩ কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৪ হাজার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৬১৩ কেজি পলিথিন জব্দ এবং ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলার দিগুবাবুর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শনের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে সুমন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ২১০ কেজি পলিথিন জব্দ, বিসমিল্লাহ স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা ও ২৫৮ কেজি পলিথিন জব্দ এবং সিদ্দিক স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করাসহ ১৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।