নগরের বাইরে
সোনারগাঁয়ে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লড়াকু অভিযানে পুলিশ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১৯ মে (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক এবং নারী ও শিশু অপহরণসহ একাধিক গুরুতর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ রুবেল (৩২): (ডাকাত সর্দার), পিতা- মোঃ হানিফা, সাং- রতনপুর, ইউপি- পিরোজপুর।
আল আমিন (৩২): (ডাকাত সর্দার), পিতা- আক্কুল আলী, সাং- পিরোজপুর, ইউপি- পিরোজপুর।
মোঃ উজ্জ্বল (৩৫): পিতা- মৃত আফসার, সাং- হাবিবপুর, ইউপি- মোগড়াপাড়া।
ইলিয়াছ বাবু (২৬): পিতা- আক্তার হোসেন, সাং- পিরোজপুর, ইউপি- পিরোজপুর।
পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ ইকরাম উজ্জামানের সমন্বয়ে গঠিত থানার একটি চৌকস আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অতর্কিত অভিযান চালিয়ে এই চার অপরাধীকে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী লুফে নেয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত অপরাধী এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরণের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এমন চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ধৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও থানা পুলিশ নিশ্চিত করেছে।