নগরের বাইরে
আড়াইহাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল সামাদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন।
আজ সোমবার (১৮ মে) সকাল ছয়টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামাদ লালুরকান্দি এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন— একই এলাকার বাসিন্দা ইউসুফ আলী ও ইসমাইল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সামাদ, ইউসুফ আলী ও ইসমাইল বাড়ির পাশের একটি ধানক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা দ্রুত বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনজনই গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ আলী ও ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আড়াইহাজার থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।