নগরের বাইরে
ফতুল্লায় ছোরা ও পালসার মোটরসাইকেলসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত ১টি পালসার মোটরসাইকেলসহ মোঃ সিফাত (৩১) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
আজ ১৭ মে, ২০২৬ খ্রিঃ রবিবার দুপুর আনুমানিক ০১:৩৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন তুষারধারা তালতলা এলাকার জনৈক হালিমা বেগমের বাড়ির সামনের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিফাত কুমিল্লা জেলার তিতাস থানার একলা রামপুর (হাজী বাড়ি) গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। বর্তমানে সে ফতুল্লার তুষারধারা এলাকায় বসবাস করছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে সিফাতের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত নিচের আলামতগুলো জব্দ করা হয়:
দেশীয় অস্ত্র: ০১টি কাঠের হাতলসহ ১৪.৫ (সাড়ো চৌদ্দ) ইঞ্চি লম্বা ধারালো ছোরা।
যানবাহন: ০১টি নীল রঙের পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ল-২৬-৬৪২৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সিফাত ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেল লাইন সংলগ্ন জনৈক নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়ি হতে নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা ও একটি 'Redmi 10' মোবাইল ফোন ছিনতাই মামলার এজাহারনামীয় আসামি।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ যেকোনো ধরণের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।