নগরের বাইরে
বন্দরে চাঁদা না পেয়ে বিরিয়ানির দোকানে হামলা-লুটপাট, আহত ৩
নারায়ণগঞ্জের বন্দর রেললাইন এলাকায় চাঁদাবাজির দাবিতে একটি নামকরা বিরিয়ানির দোকানে হামলা ও ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
রোববার (১৭ মে) দুপুরে ‘ঢালী বিরিয়ানি’ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানে এই দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক মো. রাজু ঢালী বাদী হয়ে মো. শেখ সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে বন্দর শাহী মসজিদ সংলগ্ন এলাকার শেখ শাহিনের ছেলে মো. শেখ সিফাতের নেতৃত্বে ৪-৫ জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র দল ঢালী বিরিয়ানির দোকানে প্রবেশ করে। তারা দোকানে গিয়ে কোনো টাকা না দিয়েই জোরপূর্বক বিরিয়ানি দাবি করে। দোকানের কর্মচারীরা নগদ টাকা ছাড়া খাবার পরিবেশন করতে অপারগতা প্রকাশ করলে যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে হামলাকারীরা তাদের সঙ্গে থাকা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র বের করে দোকানে আতঙ্ক সৃষ্টি করে। কর্মচারীরা প্রাণভয়ে পেছাতে গেলে সন্ত্রাসীরা দোকানে কর্মরত মো. সুজন (২৪), মো. মিহান (১৬) ও মো. শাহাদাত (৩৫) নামের তিন কর্মচারীর ওপর চড়াও হয় এবং তাদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
দোকান মালিক রাজু ঢালী অভিযোগে আরও উল্লেখ করেন, কর্মচারীদের জখম করার পর হামলাকারীরা ক্যাশিয়ার মো. বাদল ঢালীকে (৪৮) অবর্ণনীয় ভাষায় গালিগালাজ করে এবং তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ক্যাশিয়ার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা হিংস্র রূপ ধারণ করে। তারা সজোরে ক্যাশ বাক্সটি ভেঙে ফেলে এবং ভেতরে থাকা ক্যাশ বিক্রির নগদ ২,২২,২১০ (দুই লাখ বাইশ হাজার দুইশত দশ) টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে বীরদর্পে চলে যায়।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।