নগরের বাইরে
বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় ‘বিসমিল্লাহ টেক্সটাইল’ নামক ওই প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার মালিক আহসান হাবিব (জামাল) জানান, আগুনে গোডাউনে থাকা তুলা ছাড়াও চারটি মূল্যবান মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা কাজ করলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বিসমিল্লাহ টেক্সটাইলের মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চলন্ত মোটরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গির আলম জানান, খবর পেয়ে দ্রুত তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে।