নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হামলা ও দোকান লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আবেদ মেম্বারের বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ বাঙ্গালীর স্ত্রী আসমা হামলার লোমহর্ষক বর্ণনা দেন। তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আসমা জানান, তার স্বামী দীর্ঘ ১৭ বছর ধরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মাছের ব্যবসা করে আসছেন। সম্প্রতি স্থানীয় কিছু ব্যক্তি দোকান উচ্ছেদের নামে তাদের ভয়ভীতি ও চাঁদা দাবি করে আসছিল।
তার অভিযোগ, গত ১০ মে দুপুরে যুবদল নেতা শহিদুল, বিএনপি নেতা এম এ হালিম জুয়েল, রাসেল, শেখ জামাল, উজ্জ্বল ও অপুসহ অজ্ঞাত আরও ১০-১২ জন দোকানে গিয়ে মাসুদ বাঙ্গালীকে দোকান সরিয়ে নিতে চাপ দেয়। বৈধভাবে ব্যবসা করার কথা বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মাসুদকে মারধর করে। এ সময় বাধা দিতে গেলে আসমা ও তার মেয়েদেরও লাঞ্ছিত ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা দোকান থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে গেছে এবং দোকান ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দিয়েছে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আসমা বলেন, "আড়াই মাস আগে আমার বড় মেয়ে কিডনি রোগে মারা গেছে। সেই শোক কাটানোর আগেই তিন মেয়েকে নিয়ে এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চাই।"
ব্যবসায়ী মাসুদ বাঙ্গালী বলেন, "১৭ বছর ধরে ব্যবসা করছি, কখনো কারও সাথে ঝামেলা হয়নি। শুধু দোকান দখলের উদ্দেশ্যেই আমার ওপর এই হামলা চালানো হয়েছে।" তিনি আরও জানান, মেয়ের চিকিৎসার পেছনে বিপুল অর্থ ব্যয় করার পর এখন এই ব্যবসাই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।