নগরের বাইরে
ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর এলাকার একটি পোশাক কারখানা থেকে ইদ্রিস আলী (৪৩) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) সকালে বারৈভোগ এলাকায় অবস্থিত অ্যাসরোটেক্স গ্রুপের ‘ফারিহা নিট টেক্স লিমিটেড’ কারখানার স্টোররুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিস আলী সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ওই কারখানায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত ছিলেন এবং স্টোররুমটির নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন।
কারখানার সিকিউরিটি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেন জানান, সোমবার সন্ধ্যায় কাজ শেষে কারখানা থেকে ইদ্রিস আলীর নিজস্ব গাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তাকে খুঁজে না পেয়ে এবং ফোনে না পাওয়ায় সহকর্মীরা তাকে ছাড়াই ফিরে যান। মঙ্গলবার সকাল ১০টার দিকে কারখানার এক শ্রমিক স্টোররুমে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের স্ত্রী হাফিজা আক্তার জানান, সোমবার রাতে বাসায় না ফেরায় কারখানার কর্মকর্তাদের জানানো হলেও তারা ইদ্রিসের নিখোঁজের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, “আমার স্বামী নিয়মিত নামাজ পড়তেন এবং শান্ত মেজাজের মানুষ ছিলেন। তার আত্মহত্যা করার কোনো কারণ নেই। আমরা পুলিশের কাছে সুষ্ঠু বিচার চাই।”
এদিকে এজিএম-এর মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ শ্রমিকরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় তারা পুলিশকে বাধা দেন এবং বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।