নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মালয়েশিয়া ফেরত এক প্রবাসীর কাছ থেকে সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি ওভারপাসের নিচে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর নাম মো. আব্দুল মালেক (৪৬)। তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে মালয়েশিয়া থেকে এদিন ভোরে দেশে ফেরেন।
ঘটনার বিবরণে জানা যায়, বিমানবন্দর থেকে ব্যক্তিগত যানবাহনে করে বাড়ি ফেরার পথে জালকুড়ি ওভারপাসের নিচে পৌঁছালে ৭-৮ জনের একটি অজ্ঞাতনামা দল তার গতিরোধ করে। অভিযুক্তরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদের নামে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা প্রবাসীর সাথে থাকা প্রায় সাড়ে আট ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার জানান, ভুক্তভোগী প্রবাসী থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
তিনি আরও বলেন, “ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করবে পুলিশ।”
ভোরে জনবহুল সংযোগ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।