মহানগর
নারায়ণগঞ্জ সদরে র্যাব-১১ এর অভিযান: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন আটক
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মূল হোতা (এজেন্ট) ও তার এক সহযোগীকে হাতেনাতে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৫ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কালামুড়িয়া এলাকার আবুল হাসেমের ছেলে অনলাইন জুয়া এজেন্ট মোঃ আবুল হাসান (২৯) এবং নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর আমতলা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ সাকিব হোসেন (২৩)।
র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সদর থানার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের সাইবার স্পেস ও অনলাইন পোর্টাল ব্যবহার করে জুয়া খেলার দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। অনলাইনে এই জুয়ার নেশায় পড়ে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে জনমনে চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়।
র্যাব আরও জানায়, আটককৃতরা অনলাইনে জুয়া খেলার কার্যক্রম পরিচালনা করার সময় হাতেনাতে ধরা পড়ে। এই অভিযান সফল হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা র্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে র্যাব-১১ এর এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।