মহানগর
নারায়ণগঞ্জের মাসদাইরে র্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক এবং নগদ টাকাসহ কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে রাত পর্যন্ত পরিচালিত এই বিশেষ চিরুনি অভিযানে এই সাফল্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
র্যাব জানায়, মাসদাইর এলাকায় মাদক ও সন্ত্রাসী চক্রের কার্যক্রম দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছিল। গতকাল মঙ্গলবার দুপুরে তথ্য সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন র্যাবের ৪ সদস্য। এতে ৩ জন র্যাব সদস্য জখম হন।
পরবর্তীতে এই হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দমনে গতকাল সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় এক বিশাল সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অপরাধীরা পালানোর চেষ্টা ও হামলার চেষ্টা চালালেও র্যাবের পেশাদারিত্বের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।
গ্রেপ্তারকৃতদের আস্তানা থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে:
অস্ত্র: ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা এবং ৩টি চাপাতি।
মাদক: ২৩৫ কেজি গাঁজা এবং ১১,০০০ পিস ইয়াবা।
নগদ টাকা ও প্রযুক্তি: নগদ ১১,৬৪,৫০০ টাকা, ৪টি সিসি ক্যামেরা এবং ১টি ড্রোন।
অভিযানে আটককৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৪০), মোঃ আঃ রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), মোঃ শামিম আহম্মদ (২২), মিঠুন (৩৪), মোঃ ইমন প্রধান (২৬), মোঃ আকাশ (৩০), মোঃ রুবেল (৩৭), মোঃ আরাফাত হোসেন (২৮), মোঃ সুজন (৩২), মোঃ হৃদয় মিয়া (৩২), মোঃ টুটুল খান (৩৮) এবং মোঃ রেজাউল করিম (৪৮)।
র্যাব-১১ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফতুল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।