মহানগর
নারায়ণগঞ্জে খোরশেদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সেবা’ শুরু: শহরবাসীর জন্য বড় স্বস্তি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় ব্যক্তিত্ব ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের পক্ষ থেকে অসুস্থ রোগী ও মরদেহ পরিবহনের জন্য চালু হয়েছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। সাধারণ মানুষের চিকিৎসা ও শেষ বিদায়ের প্রক্রিয়াকে সহজতর করতে মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রাথমিকভাবে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটি নারায়ণগঞ্জ শহরের ১১নং থেকে ১৮নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর আওতায় পাওয়া যাবে নিম্নোক্ত
সুবিধাসমূহ:
হাসপাতাল যাতায়াত: জরুরি প্রয়োজনে বাসা থেকে হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে রোগী পৌঁছে দেওয়া।
মরদেহ সৎকার: মরদেহ নিজ গন্তব্য থেকে কবরস্থান কিংবা শ্মশানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
উদ্যোক্তা সূত্রে জানা গেছে, আপাতত নির্দিষ্ট কিছু ওয়ার্ডে শুরু হলেও শিগগিরই এর পরিধি বাড়ানো হবে। জনস্বার্থ ও চাহিদার কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে বন্দর, সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা এলাকাতেও এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখা খোরশেদের এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী। স্থানীয়দের মতে, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স ভাড়া বহন করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এই সেবাটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে।