মহানগর
নারায়ণগঞ্জে হকারদের অবস্থান কর্মসূচি: পুনর্বাসন ও নির্দিষ্ট সময়ে ব্যবসার দাবিতে স্মারকলিপি প্রদান
নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত থেকে উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন হকাররা।
সোমবার (৪ মে) সকাল থেকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
জাতীয়তাবাদী হকার ইউনিয়ন মহানগর শাখার সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হকাররা তাদের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ হকাররা বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনকে সহায়তা করতে চাই। কিন্তু আমাদের রুটি-রুজির পথ বন্ধ করে দিলে আমরা পরিবার নিয়ে কোথায় যাবো? আমাদের দাবি হলো—হয় আমাদের স্থায়ী পুনর্বাসন করা হোক, অথবা নির্দিষ্ট সময়ের জন্য ফুটপাতে বসার সুযোগ দেওয়া হোক। আমরা সেই নিয়ম মেনেই ব্যবসা করতে প্রস্তুত।"
কর্মসূচি শেষে হকার নেতাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলে কেএম মিজানুর রহমান রনি ছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম পাটোয়ারী, মো. আলাউদ্দিন, মনিরুল ইসলাম, আলাউদ্দিন খান এবং নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে হকার নেতা রনি গণমাধ্যমকে বলেন, "জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে আলোচনা করে একটি সুন্দর সমাধান বের করা হবে। প্রধানমন্ত্রীও বলেছেন, শুধু উচ্ছেদ করলেই হবে না, আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা আশা করছি জেলা প্রশাসক মহোদয় আমাদের জীবন-জীবিকার কথা বিবেচনা করে দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।"
এদিকে হকারদের এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।