নারায়ণগঞ্জ -৫ এবং নারায়ণগঞ্জ -১ প্রার্থীতা ফিরে পেলেন দুই সতন্ত্র প্রার্থী মাকসুদ ও দুলাল
নির্বাচনী মাঠে নাটকীয় মোড় এসেছে নারায়ণগঞ্জে। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জের আরও দুই স্বতন্ত্র প্রার্থী। সোমবার (১২ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়া দুই প্রার্থী হলেন—
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন এবং
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তারা নির্বাচন কমিশনে আপিল করেন।
এর আগেও আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান নারায়ণগঞ্জের আরও কয়েকজন প্রার্থী। গত শনি ও রবিবার ইসিতে শুনানি শেষে নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভূঁইয়া এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদ-এর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির এসব প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আরও চারটি আপিল এবং একজন প্রার্থীর বিরুদ্ধে একটি আপিলের শুনানি আগামী ১৪, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এদিকে একের পর এক প্রার্থিতা ফিরে পাওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আপিল নিষ্পত্তির পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা স্পষ্ট হলে নির্বাচনী কৌশলেও বড় পরিবর্তন আসতে পারে।