‘৮০ বছরের পুরোনো দল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে’: চুনকা মিলনায়তনে শফিকুল আলম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সকলেরই কিছু ভয়ঙ্কর এবং কিছু সাহসী অভিজ্ঞতা আছে। ক্ষুদ্র মানুষ থেকে নিজেকে বিপ্লবী হিসেবে দেখার অভিজ্ঞতা আমাদের হয়েছে। হঠাৎ করে কোথা থেকে আমাদের সবার এত সাহস চলে এলো তা আমরা ভাবতেও পারিনি। এই আন্দোলনে মানুষ এমনভাবে প্রতিরোধ করেছে যে, ৮০ বছরের পুরোনো একটি দল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে।”
রোববার (৫ জুলাই) জুলাই স্মৃতিচারণে এনসিপি আয়োজিত ‘রাজনৈতিক সংস্কৃতির রূপান্তর: তারুণ্য, সুশাসন ও নতুন সম্ভাবনা’ শিরোনামের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
‘এটি ছিল প্রজা বা দাস বানানোর বিরুদ্ধে ডিগনিটির লড়াই’
আলোচনা সভায় শফিকুল আলম জুলাই আন্দোলনকে আত্মমর্যাদার লড়াই উল্লেখ করে বলেন,
“একটা বৈষম্যবিরোধী আন্দোলন থেকে জাতির পরিবর্তনের লড়াই শুরু হলো। আমি এটাকে দেখি ডিগনিটির (মর্যাদার) লড়াই হিসেবে। ১৮ তারিখ থেকে মানুষ রাস্তায় নেমে এলো কারণ তাদের হেয় করা হয়েছে। শেখ পরিবার আমাদের প্রজা বা দাস বানিয়ে রেখেছিল। সবাই বলতে শুরু করেছিল ‘আমি রাজাকার’। একটা ঘৃণিত শব্দকে নিজের কাছে টেনে নিয়ে লড়াইয়ে নেমেছে মানুষ। বাংলাদেশের ইতিহাসে এমন আন্দোলনের কোনো তুলনা হয় না।”
তিনি বিগত সরকারের শোষণের চিত্র তুলে ধরে আরও বলেন, “এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি। ১৬ বছর ধরে দেশের মানুষকে শোষণ করা হয়েছে, কোনো অধিকার রাখা হয়নি। আমাদের চাকরি দেওয়া হয়নি, বর্ডারে কিলিং (সীমান্তে হত্যা) করা হয়েছে, চোখের সামনে ব্যাংকগুলো খালি করে ফেলা হয়েছে এবং তৎকালীন পত্রিকায় এর পক্ষে সম্মতি উৎপাদন করা হয়েছে।”
আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, “দলটি এখন পুরোপুরি ভ্যানিশ। এখন তাদের একটি ঝটিকা মিছিল করার জন্য বিপুল পরিমাণ ডলার খরচ করতে হয়। তাও তারা ঠিকমতো করতে পারে না। এক মিনিট মিছিল করেই তারা ভেগে পালিয়ে যায়।”
উপস্থিত ছিলেন যারা
আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
এনসিপির নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল খায়েরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী রক মনু এবং জেলা এনসিপির সদস্য সচিব জোবায়ের আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।