আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বাগতিক দল, রানারআপ সোনারগাঁও
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী ‘আমান-আয়াত, মাবিয়ান-জাযের কাবাডি টুর্নামেন্ট-২০২৬’। গতকাল বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচে সোনারগাঁও দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক আড়াইহাজার দল।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ ও রক্ষণে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। মাঠজুড়ে দু'দলের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের এক রুদ্ধশ্বাস ও উপভোগ্য ম্যাচ উপহার দেয়। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত দলীয় সমন্বয় ও কৌশলী খেলার ওপর ভর করে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় আড়াইহাজার।
খেলা শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান আড়াইহাজার পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ।
পুরস্কার বিতরণী পর্বে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী আড়াইহাজার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ সোনারগাঁও দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন।
এ সময় অতিথিরা উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, "খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত ইতিবাচক।" তরুণদের সুস্থ ধারায় ফেরাতে ভবিষ্যতেও এই ধরনের ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজন নিয়মিত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।