সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। চোর ও ছিনতাইকারী চক্রের সদস্যদের এই অতর্কিত হামলায় সোনারগাঁ থানার এক উপপরিদর্শক (এসআই), এক কনস্টেবল ও পুলিশের এক সোর্স গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের একটি মামলার অভিযুক্ত আসামি সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সোনারগাঁ থানা পুলিশের একটি দল সাতভাইপাড়া এলাকায় অভিযানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামি সাগর ও তার ভাই সজল ধারালো দা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এসআই নুরুজ্জামান মিয়া, কনস্টেবল শাহীন ও পুলিশের সোর্স মাসুম মিয়া আহত হন।
হামলার খবর পেয়ে সোনারগাঁ থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "চোরাই মোটরসাইকেল উদ্ধার ও মামলার আসামি গ্রেপ্তারের অভিযানে গেলে চোরচক্রের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এক এসআই ও এক কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দুই প্রধান আসামি সাগর ও সজলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।