আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, চিকিৎসকদের কর্মবিরতি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে রোববার (৫ জুলাই) জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চিকিৎসকরা। পরে প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হলে চিকিৎসাসেবা পুনরায় স্বাভাবিক হয়।
এর আগে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এই মারধরের ঘটনা ঘটে।
ইনজেকশন দেওয়া নিয়ে কথা-কাটাকাটি ও হামলা
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে উপজেলার চামুরকান্দি এলাকার ফিরোজা বেগম নামে এক নারী পেটব্যথা নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। সেখানে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আব্দুল্লাহ আল কামাল রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার স্বামী বিল্লাল হোসেনকে বাইরে থেকে একটি ইনজেকশন কিনে আনতে বলেন।
বিল্লাল হোসেন ইনজেকশন কিনে এনে তা দ্রুত প্রয়োগ করার অনুরোধ করেন। তবে ওই সময় জরুরি বিভাগে অন্য এক গুরুতর রোগীর চিকিৎসা দিচ্ছিলেন আব্দুল্লাহ আল কামাল। এই নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
অভিযোগ রয়েছে, কথা-কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন ও তার সাথে থাকা কয়েকজন মিলে চিকিৎসক আব্দুল্লাহ আল কামালের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করা হয়। পরে সহকর্মী চিকিৎসক ও আনসার সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়।
সেবা বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা
চিকিৎসকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে তারা জরুরি বিভাগ চালু রাখলেও বহির্বিভাগসহ (আউটডোর) অন্যান্য সকল চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ করে দেন। এর ফলে হাসপাতালে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
প্রশাসনের আশ্বাস ও সংসদ সদস্যের নির্দেশনা
ঘটনার খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন দ্রুত হাসপাতাল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষুব্ধ চিকিৎসকদের সাথে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে অবহিত করা হয়েছে।
“মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ টেলিফোনে প্রশাসনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”