আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে!
আলোচনা, সমালোচনা আর তুমুল জনপ্রিয়তার পর অবশেষে নারায়ণগঞ্জের খামারেই ফেরত যাচ্ছে আসন্ন ঈদুল আজহার সবচেয়ে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা বুঝিয়ে দিয়ে মহিষটিকে আবার খামারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২৭ মে) খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের অতিরিক্ত আগ্রহ এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে বিক্রয়মূল্য ফেরত দেওয়া হয়েছে। আপাতত মহিষটি আগের খামারেই থাকবে এবং সেখানেই সেটির লালন-পালন করা হবে।
যেভাবে ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম ও ভাইরাল
ব্যতিক্রমী এই অ্যালবিনো জাতের মহিষটির গায়ের রঙ, চুল ও চোখের মণি দেখতে অনেকটা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। আর এই মিল থাকার কারণেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া এগ্রো ফার্ম’-এর মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রেখেছিলেন ‘ট্রাম্প’।
অদ্ভুত ও আকর্ষণীয় নামের কারণে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল মহিষটি। তবে এটি ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার সামির নামের এক ক্রেতা ৫৫০ টাকা কেজি দরে মহিষটি কিনে নিয়েছিলেন।
দেশ-বিদেশে তুমুল ক্রেজ
খামারে থাকা অবস্থায় এবং বিক্রির পরও মহিষটিকে একনজর দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। শুধু শিশু-কিশোর বা যুবকরাই নন, দূর-দূরান্ত থেকে নারীরাও এসেছিলেন এই ‘ট্রাম্প’কে দেখতে। বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে উৎসুক মানুষ ছুটে আসেন নারায়ণগঞ্জে। শেষ সময়ে এসে অনেকে মহিষটি কিনতে না পেরে হতাশাও ব্যক্ত করেন।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করেছে নারায়ণগঞ্জের এই মহিষ। এএফপি (AFP), রয়টার্স (Reuters)-সহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে জায়গা করে নেয় এই ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’।
নিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় এখন নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।