নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর মেয়ে দুবাই প্রবাসী হওয়ায় তিনি তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটের একটি কক্ষে থাকতেন তার জামাতা এবং অন্য কক্ষে ওই নারী ও তার নাতি থাকতেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত জামাতা ওই নারীকে ঘুম থেকে ডেকে তোলে। পরে জোরপূর্বক তাকে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে প্রথমে বিষয়টি গোপন রাখলেও, পরবর্তীতে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগ পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে নামে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”