মহানগর
নারায়ণগঞ্জে আবারও হকারদের দখলে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত: ভোগান্তিতে পথচারী
নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে আবারও হকাররা বসতে শুরু করেছেন। সিটি কর্পোরেশনের সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের রেশ কাটতে না কাটতেই হকাররা পুনরায় জায়গা দখল করায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে, যার ফলে সড়কে যানজটও তীব্রতর হচ্ছে।
শনিবার (৯ মে) সরেজমিনে দেখা যায়, শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়ক ও নবাব সলিমুল্লাহ সড়কের ফুটপাতে হকাররা সারি বেঁধে দোকান নিয়ে বসেছেন। বিশেষ করে চাষাঢ়া মোড়, পানোরামা প্লাজা ও সায়াম প্লাজার আশপাশের ফুটপাতগুলো এখন হকারদের দখলে। পোশাক, জুতা ও ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন তারা।
ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি গাড়ির গতি কমে গিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
সঞ্জয় দাস নামে এক পথচারী আক্ষেপ করে বলেন, "উচ্ছেদের পর দুয়েকদিন ফুটপাত ফাঁকা ছিল, তখন হাঁটতে আরাম লাগত। কিন্তু এখন আবার আগের অবস্থা। নিয়মিতই তাদের বসতে দেখা যাচ্ছে।" অন্যদিকে, তিশা নামে এক নারী ক্রেতা জানান, ফুটপাতে চলাচলে কষ্ট হলেও কম দামে বাচ্চাদের পোশাক কেনার সুবিধার কথা চিন্তা করে অনেকেই এখানে ভিড় করছেন।
ফুটপাতে বসা হকারদের দাবি, সামনে ঈদ উপলক্ষ্যে জীবিকার তাগিদে তারা বাধ্য হয়ে বসছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হকাররা ফুটপাতে বসার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারা ইতোমধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক), জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করে শহরকে হকারমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে অভিযানের পর থেকেই হকাররা পুনরায় সংগঠিত হতে শুরু করেন।
এদিকে, গত ৫ মে (মঙ্গলবার) রাতে নাসিকের উচ্ছেদ কর্মীদের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাসিকের আইন কর্মকর্তার দায়িত্বে থাকা মিজানুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেন। প্রশাসনের কঠোর অবস্থানের পরও ফুটপাত পুনর্দখল হওয়ায় সাধারণ নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।